Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন গভর্নর নিয়োগে ৫ প্রশ্ন তুললেন তাসনিম জারা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২

ডা. তাসনিম জারা।

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রেক্ষাপটে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্নগুলো উত্থাপন করেন।

পোস্টে তাসনিম জারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ভূমিকা মৌলিকভাবে আলাদা। সচিব সরকারের নীতি বাস্তবায়ন করেন, তাই সরকার পরিবর্তনের সঙ্গে সচিব বদল অস্বাভাবিক নয়। কিন্তু গভর্নরের প্রধান দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা এবং প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও অবস্থান নেওয়া। এ কারণেই বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, গভর্নরের নির্দিষ্ট মেয়াদ থাকে যেন তিনি রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করতে পারেন। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গভর্নর পরিবর্তন করা সচিবালয়ের রদবদলের মতো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।

এরপর পাঁচটি প্রশ্ন তুলে ধরেন তাসনিম জারা। তার প্রশ্নগুলোর মধ্যে রয়েছে-নতুন গভর্নর কি সরকারের সঙ্গে দ্বিমত হলে তা প্রকাশ করতে পারবেন, নাকি সব সিদ্ধান্ত সরকারের অবস্থানের সঙ্গে মিলিয়ে নেওয়া হবে; তিনি কি তার সব ব্যাবসায়িক সম্পৃক্ততা বাস্তবিক অর্থে ত্যাগ করেছেন; খেলাপি ঋণ সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে কি না; সুদের হার, মুদ্রা সরবরাহ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আগের নীতি অব্যাহত থাকবে কি না; এবং টাকার মান বাজারভিত্তিক থাকবে, নাকি কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হবে।

প্রসঙ্গত, বুধবার সরকার আহসান এইচ মনসুরকে গভর্নর পদ থেকে অপসারণ করে ব্যবসায়ী নেতা মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক–এর নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। এ সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অঙ্গনে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর