Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনার আহ্বান খাদ্যমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১৫:৫০

নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম

ঢাকা: নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে।

সরকারি খাদ্য কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও অধীন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন কর্মসূচি, খাদ্যশস্য সংগ্রহ, সরকারি খাদ্য মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা, খাদ্য বিতরণ কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে নবনিযুক্ত মন্ত্রীকে অবহিত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি খাদ্য মজুত ব্যবস্থাপনা, কৃষকের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ এবং ভোক্তাদের জন্য খাদ্য সরবরাহসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচিগুলো আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি খাদ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের প্রতিটি পর্যায়ে দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।’ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দক্ষতা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

আফরোজা খানম বলেন, ‘আমরা সবাই মিলে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনতে চাই। জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সেবার মান আরও বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন ও সরকারের অঙ্গীকার বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ জন্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে, সমন্বিত প্রচেষ্টায় এবং নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর আস্থার জন্য ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী।

মতবিনিময় সভায় কর্মকর্তারা নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে স্বাগত জানান এবং মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদফতরের মহাপরিচালকসহ খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর