ঢাকা: চট্টগ্রামের রাউজানে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান-এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এদিন ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসান উভয়কেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ফারুক আহাম্মদ উপস্থিত ছিলেন। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, তারেক আবদুল্লাহ, সুলতান মাহমুদ, জহিরুল আমিনসহ অন্যান্য প্রসিকিউটরও আদালতে উপস্থিত ছিলেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় চাওয়া হয়। আবেদনটি মঞ্জুর করে ট্রাইব্যুনাল আগামী ২৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৯ এপ্রিল একই মামলায় ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসান-কে গ্রেফতার দেখিয়ে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান সৈয়দ আবু জাফর-কে তুলে নেওয়ার পর গুম করা হয় এবং পরে তাকে হত্যা করা হয়। এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসান-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।