Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি করেসপন্ডেন্ট
২৩ আগস্ট ২০২৬ ১৬:৪৩

বাকৃবি: ময়মনসিংহে প্রাণী চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হান্নানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চিকিৎসকদের ওপর হামলা, চেম্বারে ভাঙচুর ও চিকিৎসাসেবা বাধাগ্রস্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম বলেন, ‘একজন প্রাণী চিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান, ঘটনার পেছনে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, ‘দুই ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. আব্দুল হান্নান ও ডা. মো. আশিকুর রহমান শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আমরা ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা। আমরা আশা করি, সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং যারা দায়ী তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, ‘তাদের এই সেবাকে অগ্রাহ্য করে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তাদের ওপর আক্রমণ করা হয়েছে। ভিডিওতে আপনারা দেখেছেন, তাদের চেম্বারে ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও প্রাক্তন ছাত্র হিসেবে ঘটনাটি আমাকে যেমন ব্যথিত করেছে, একই সঙ্গে একজন ভেটেরিনারিয়ান হিসেবেও আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।’

তিনি বলেন, ‘সারাদেশে মানুষ এখন অনেক পেট অ্যানিমেল পালন করেন। এগুলো তাদের পরিবারের একজন সদস্যের মতো হয়ে উঠেছে। দেশের প্রতিটি শহরেই এখন প্রাইভেট প্র্যাকটিস গড়ে উঠেছে। যে ধরনের ন্যক্কারজনক হামলা হয়েছে, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং চেম্বার ভাঙচুর করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভুঁঞা, অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, অধ্যাপক ড. জয়ন্ত ভট্টাচার্য, প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. বাবুল চন্দ্র রায়, ড. অনিতা রানী দে, সহযোগী অধ্যাপক ড. শারমিন শহীদ লাবনী, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকরামুল হকসহ বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর