Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানো হবে: পরিবেশমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ১৮:৪৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ঢাকা: কৃষিজমির উর্বর মাটি রক্ষা, বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই নির্মাণব্যবস্থা গড়ে তুলতে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

রোববার (১৬ আগস্ট) পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বৃদ্ধি ও সরকারি নির্মাণকাজে ব্লক ব্যবহারের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষা ও নির্মাণ খাতের বাস্তব প্রয়োজনের মধ্যে সমন্বয় রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি প্রকৌশল দফতর, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনকে একযোগে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

সভায় সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কারকাজে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার নিশ্চিতকরণ এবং এর অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়াতে কাঁচামাল আমদানির শুল্ক-কর যৌক্তিকীকরণ, উৎপাদন পর্যায়ে ভ্যাট কমানো, কাঁচামাল কেনায় পরিশোধিত ভ্যাটের রেয়াত এবং শিল্প ও নির্মাণবর্জ্য পুনর্ব্যবহারে প্রণোদনার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষা করে বিনিয়োগ বাড়ানোর পক্ষে। তাই ইটভাটার মালিকদের দ্রুত পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তর হতে হবে।

ব্লকের মান নিশ্চিত করতে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরসহ সরকারি প্রকৌশল দপ্তরগুলোকে মান নিয়ন্ত্রণ ও পরিবীক্ষণে সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রকৌশলী, টেকনিশিয়ান ও রাজমিস্ত্রিদের প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

দিনের দ্বিতীয় সভায় ইটশিল্পের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়। এতে ইটভাটার পরিবেশগত প্রভাব কমানো, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার নিরুৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ইট ও পরিবেশবান্ধব ব্লক উৎপাদনের প্রসার নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তা এবং ইট ও কংক্রিট ব্লক উৎপাদনকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর