Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এসএসসিতে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যায় অবনতি

‎ সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১২:২৪

ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের তুলনায় কমেছে।

‎সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

‎‎প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৯৮৪টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৩১৫টি।

‎এবারের প্রকাশিত ফলাফল থেকে জানা ‎গেছে, এসএসসি ও সমমানের নয়টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। তবে এবার মাদরাসা বোর্ডে পাসের হার কমেছে। এবারের পাশের হার ৫৫ দশমিক ৪৯।

বিজ্ঞাপন

‎‎এদিকে এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

‎‎রেওয়াজ অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়।

‎‎সেই হিসাবে এ বছর ফল প্রকাশে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লেগেছে। এর আগে, শিক্ষা মন্ত্রণালয় গত ২০ জুলাই ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছিল। তবে অনিবার্য কারণে ওই সময়ে ফল প্রকাশ করা হয়নি। পরে আজ ১০ আগস্টে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

‎এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

‎পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

‎‎এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর