Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালামের আপিল, শুনানি ৩১ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১২:২২ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১৪:২৪

মাওলানা আবুল কালাম আযাদ।

ঢাকা: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় পাওয়া মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মাওলানা আবুল কালাম আযাদ রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। তার দায়ের করা আপিল গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আপিলকারীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পর গত ১০ আগস্ট আপিল বিভাগের পক্ষ থেকে ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছিল। এরও আগে আবুল কালাম আযাদ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করে বিলম্ব মার্জনার আবেদন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের আবেদন করেন।

বিজ্ঞাপন

মাওলানা আবুল কালাম আযাদ জামায়াতে ইসলামীর সাবেক রোকন। পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। স্বাধীনতার ৪১ বছর পর গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই ছিল মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম রায়।

অভিযোগ ওঠার আগে তিনি বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে পরিচিতি লাভ করেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা অভিযোগ করে, মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় তিনি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। জানা যায়, আপিল বিভাগের কাছে রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে তিনি আত্মসমর্পণ করেন। এর আগে রাষ্ট্রপতির আদেশে তার সাজা স্থগিত করা হয়েছিল। আত্মসমর্পণের পর ট্রাইব্যুনাল আপিলের জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন।