ঢাকা: ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার চার আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
চার আসামি হলেন— মোস্তাকিম হোসেন (৫১), নূর আলম (৩৫), রুহুল আমিন (২৯) এবং আনোয়ার হোসেন (৪৮)।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইবনে খালিদ হোসেন তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এ উপলক্ষে পলকসহ কয়েকজন আসামিকে আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে পলককে প্রিজনভ্যানে তোলার সময় মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যান্টিন গেট এলাকায় নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সদস্য-সমর্থক পরিচয়ে কয়েকজন জড়ো হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগান দিয়ে আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। তবে প্রায় ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আটকদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী, পলাতক আসামিদের অবস্থান, অর্থের জোগানদাতা এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেফতারদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ যুক্তি বিবেচনায় নিয়ে আদালত চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।