Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁদাবাজির মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ বাপ্পি ও সহযোগীর ৭ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৮:১৩

– সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: ঢাকার মতিঝিলে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের সহযোগী পলাতক ব্যক্তিদের শনাক্ত, ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় নিশ্চিত করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে দুই আসামির সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১৭ জুলাই) সকালে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা বাপ্পি এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী এবং মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবসংলগ্ন কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে এজিবি কলোনীতে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে কল করে আসামিরা গরুর হাটে তাদের মনোনীত ব্যক্তিকে অংশীদার হিসেবে রাখার জন্য চাপ দেয়। একই সঙ্গে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং দাবি পূরণ না করলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

এর চার দিন পর, ১৯ মে সকালে কোরবানির পশুর হাট-সংক্রান্ত একটি সভায় থাকা অবস্থায় ইসমাইল হোসেন তার ভাগনের কাছ থেকে জানতে পারেন, ভোরে দুর্বৃত্তরা তার অফিস লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ ঘটনার পরদিন ২০ মে তিনি মতিঝিল থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর