আজ পবিত্র ৮ জিলহজ, মক্কার ঐতিহাসিক মিনা প্রান্তরে লাখো হাজির সমবেত হওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনার চারপাশ।
মহান আল্লাহর দরবারে আত্মত্যাগ ও আত্মসমর্পণের আকুতি নিয়ে বিশ্ব মুসলিমের এই মহামিলনমেলা এখন মিনার তাঁবু নগরীতে। লাখ লাখ হাজি এরইমধ্যে ইহরাম পরিধান করে মক্কার মসজিদুল হারাম থেকে রওনা হয়ে মিনায় নিজ নিজ তাঁবুতে অবস্থান নিয়েছেন। মিনার এই তাঁবু শহরে অবস্থান করেই হাজিরা হজের পরবর্তী মূল পর্বগুলোর জন্য নিজেদের মানসিকভাবে প্রস্তুত করেন।
হজের নিয়ম অনুযায়ী আজ মিনায় অবস্থান করে জোহর, আসর, মাগরিব, এশা এবং আগামীকাল ৯ জিলহজের ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করা সুন্নাত। পবিত্র মিনার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন কেবলই ইবাদত-বন্দেগির পুণ্যময় আবহ। আল্লাহর মেহমানরা যার যার তাঁবুতে অবস্থান করে দুরুদ শরিফ পাঠ, পবিত্র কুরআন তিলাওয়াত এবং নফল ইবাদতের মধ্য দিয়ে সময় পার করছেন।
হজের এই সফর মূলত সুনির্দিষ্ট নিয়মানুবর্তিতা ও চরম ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ৭ জিলহজের মানসিক ও শারীরিক প্রস্তুতির পর, ৮ জিলহজের এই মিনায় অবস্থান হাজিদের মনে এক অপার্থিব প্রশান্তি এনে দেয়, যা আল্লাহর সান্নিধ্য লাভের এক মহাসফর। মিনায় আজকের এই অবস্থানের পরই আসবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল ৯ জিলহজ সূর্যোদয়ের পর হাজিরা রওনা হবেন পরম কাঙ্ক্ষিত আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) হজের প্রধান রোকন বা মূল আনুষ্ঠানিকতা হিসেবে ঘোষণা করেছেন।
উল্লেখ্য, এবারের হজে ডিজিটাল সেবা ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনার জন্য ৩০ হাজারেরও বেশি কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ৬০০ ফুইজ বা দলীয় সমন্বয়ক এবং ৫ হাজার দলনেতাকে ডিজিটাল সিস্টেম ব্যবহারের মাধ্যমে হাজিদের গতিবিধি নিয়ন্ত্রণের কৌশল শেখানো হয়েছে। মাঠপর্যায়ে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে, সেজন্য বিভিন্ন সংস্থার সমন্বয়ে একাধিক মহড়াও সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ।
এবারের হজ ব্যবস্থাপনায় আধুনিক ডেটা বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে কোনো স্থানে হাজিদের ভিড় বেশি হলে তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বিশেষ করে মিনা, আরাফাত ও মুজদালিফার মতো অধিক জনাকীর্ণ স্থানে হাজিদের চলাচল সহজ করতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখবে।