ঢাকা: পবিত্র হজ পালন শেষে মোট ২১১টি ফ্লাইটে সর্বমোট ৭৭ হাজার ৬৯ জন হাজি দেশে ফিরেছেন। এছাড়া এখন পর্যন্ত মোট ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের ‘হজ বুলেটিন’-এর তথ্য সূত্রে এসব জানা গেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৭২ হাজার ৬১০ জন হাজি।
হাজিদের ফিরিয়ে আনতে এখন পর্যন্ত সর্বমোট ২১১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১১টি ফ্লাইটে ৩৪ হাজার ১২২ জন, সৌদি এয়ারলাইন্স ৭০টি ফ্লাইটে ২৫ হাজার ৩৭৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইটে ১১ হাজার ৪৩ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৬ হাজার ৫২৭ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
হজযাত্রীদের সুবিধার্থে সৌদি আরবে সার্বক্ষণিক আইটি এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। সৌদি আরবের বাংলাদেশ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৬৭ হাজার ১৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৮ হাজার ৪৫২টি সেবা প্রদান করা হয়েছে।
এদিকে, চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৫৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ৫৫ জনের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। এর মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় ১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।
চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এবারের হজের ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়েছিল। পবিত্র হজ পালন শেষে এখন হাজীদের দেশে ফেরা শেষ পর্যায়ে।
হজ শেষে দেশে ফিরলেন ৭৭ হাজার ৬৯ জন হাজি
সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৫:১০
৩০ জুন ২০২৬ ১৫:১০