ঢাকা: ২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।
বুধবার (১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তার কাছে আনুষ্ঠানিকভাবে হজের এই রোডম্যাপ হস্তান্তর করেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ করার পর আগামী ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু করার কাজ শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট চালু হবে। সবকিছু ঠিক থাকলে এবং চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু
সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১২:১৮
১ জুলাই ২০২৬ ১২:১৮
সারাবাংলা/এনএল/এনজে