ঢাকা: শিক্ষার্থীদের আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের স্কুলমুখী করতে সরকার স্কুল ড্রেস ও মিড-ডে মিল কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামীতে দেশের সব উপজেলাকে মিড-ডে মিল কর্মসূচির আওতায় আনা হবে।’
তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুইটি নতুন পাঠ্যবই যুক্ত করা হবে। এ ছাড়া ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ চলছে। ২০২৮ সাল থেকে প্রথম শ্রেণির কারিকুলামে খেলাধুলা বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।
দেশীয় খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমাদের নিজস্ব খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব।’
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এ সমস্যা নিরসনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠন করা যেতে পারে।’
আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘শিশুদের এমনভাবে শিক্ষা দিতে হবে, যাতে তারা আনন্দের সঙ্গে শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের বিভিন্ন স্থানে খেলার মাঠের সংখ্যা বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত।