Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লা বোর্ডে এসএসসির ফলে এগিয়ে মেয়েরা, পাসের হার ৬৫ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৩:০৬

কুমিল্লা শিক্ষা বোর্ড।

কুমিল্লা: কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর এ বোর্ডে গড় পাসের হার ৬৫.৪২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন।

সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব প্রফেসর জাহাঙ্গীর আলম।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৫৮ হাজার ৮২৫ জন এবং মেয়ে ৮৭ হাজার ১০ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন। তাদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ। আর মেয়েদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ হাজার ১৯৬ জন। তাদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ। ফলে পাসের হারে ছেলেদের চেয়ে ৩ দশমিক ৬৪ শতাংশ এগিয়ে রয়েছে মেয়েরা।

বিজ্ঞাপন

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৩ হাজার ৯৬৬ জন এবং মেয়ে ৫ হাজার ৮৪৮ জন। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও মেয়েদের সংখ্যা বেশি।

এদিকে, এ বছর ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। তবে কোনো বিদ্যালয়ে শূন্য শতাংশ পাসের ঘটনা ঘটেনি।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৮২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৭.৪০ শতাংশ এবং মানবিক বিভাগে ৫০.৬১ শতাংশ।

ফলাফল ঘোষণার অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।