Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের তরুন মাহি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ০৮:৫৫

নিহত মো. ইস্তিনাব মাহি।

চট্টগ্রাম: কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের তরুণ শিক্ষার্থী মো. ইস্তিনাব মাহি (২৩)।

স্থানীয় সময় গত শুক্রবার (১২ জুন) রাত ১টা ৩২ মিনিটে সেন্ট জনস এলাকার মেয়র অ্যাভিনিউ ও নিউটাউন রোডের সংযোগস্থলের কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. ইস্তিনাব মাহি চট্টগ্রামের মো. মোহিব উল্লাহ ও পারভিন আক্তার দম্পতির সন্তান। চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মাহি কানাডায় ‘মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড’-এ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ছিলেন।

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে কানাডায় পাড়ি জমানো এই তরুণের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ প্রশাসন রয়্যাল নিউফাউন্ডল্যান্ড কনস্ট্যাবুলারি (আরএনসি) সূত্রে জানা গেছে, সেন্ট জনস এলাকার মেয়র অ্যাভিনিউ এবং নিউটাউন রোডের সংযোগস্থলের কাছে চারজন আরোহীসহ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে, গাড়িটি সড়কের পাশে থাকা বেলভেডিয়ার কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে গিয়ে পড়ে।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে দুর্ভাগ্যবশত, গুরুতর আহত মাহিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়িতে থাকা অন্য তিন আরোহী আহত হলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মাহির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর