লক্ষ্মীপুর: সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) নামে দুই বাংলাদেশি সহোদর ভাই নিহত হয়েছেন। দুই প্রবাসী তরুণের এমন অকাল মৃত্যুতে তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে রিয়াদ থেকে জেদ্দা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব ও সুজন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর গ্রামের খলিফার বাড়ির ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ও মেজো ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সজীব ও সুজন সৌদি আরবের জেদ্দায় ব্যবসা করতেন। ব্যবসার মালামাল কিনতে তারা দু’জনে রিয়াদ শহরে গিয়েছিলেন। মালামাল কিনে প্রাইভেটকারযোগে জেদ্দায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে দুই ভাই মারা যান।
দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ছেলেদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবাসহ পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, সজীব ও সুজন দুজনেই অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছিলেন।
সন্তানদের হারিয়ে দিশেহারা বাবা আব্দুল মালেক বলেন, আমার দুই ছেলে একসঙ্গে চলে গেল। সবাই ওদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন।
তিনি নিহত দুই ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা জানান, ঘটনাটি এখনো তাদের দাফতরিকভাবে জানানো হয়নি। তবে তারা খোঁজখবর নিয়ে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।