চট্টগ্রাম: জ্বালানি সাশ্রয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল খোলা রাখার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বিপণিকেন্দ্র ও অ্যাসোসিয়েশনের নেতারা।
বৃহস্পতিবার (৪ জুন) চিটাগাং চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে সংগঠনের কার্যালয়ে এক বৈঠকে তারা চেম্বার নেতাদের এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে বলেছেন। আগ্রবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নব-নির্বাচিত পরিচালকদের সাথে মতবিনিময়কালে তারা এ অনুরোধ জানান।
চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী তথা চেম্বার সদস্যদের ভোটে নির্বাচিত এই পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের কল্যাণে সরকারের সঙ্গে সেতুবন্ধন হিসেবে কাজ করে যাবে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হবে।’
দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে ব্যবসায়ীদের অনুরোধের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করা হবে।
চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন বলেন, ‘জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ব্যবসায়ীদের দেওয়া ট্যাক্স ও ভ্যাটের মাধ্যমে। সেই রাজস্ব দিয়ে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। যার সুফল ভোগ করে দেশের আপামর জনসাধারণ।’ তাই ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যাদি সমাধানে সরকারকে সচেষ্ট হওয়ার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, বর্তমানে জ্বালানি সাশ্রয়ের সিদ্ধান্তে সন্ধ্যা ৭টায় শপিংমলগুলো বন্ধ করতে হচ্ছে। ফলে বেচাকেনা কমে গেছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, সার্ভিস চার্জ, কর্মচারীদের বেতন ও বোনাস ইত্যাদি পরিশোধ করার ফলে লোকসানের সম্মুখীন হচ্ছি। সাধারণত সন্ধ্যার পরে শপিংমলগুলো ক্রেতার উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে।
এ সময় বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশনের নেতারা ট্যাক্স, ভ্যাট প্রদান ও নানা ধরণের হয়রানির কথা তুলে ধরে চিটাগাং চেম্বারকে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানান।