Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে দেয়ালচাপায় নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ২২:৪৪ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১০:২৮

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধস। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরে দেয়াল চাপা পড়ে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম ফিরোজ (৪১)। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে নিহতের স্ত্রী সাহিদা আক্তার তার পরিচয় শনাক্ত করেন।

সাহিদা জানান, তাদের বাড়ি নওগাঁ সদর উপজেলার খাগুরকড়ি হাতিপুতা গ্রামে। তার বাবার নাম আমজাদ চৌধুরী। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন মিরপুর-১, নবাবেরবাগ এলাকার একটি টিনশেড বাসায়। তার স্বামী ফিরোজ রিকশাচালক ছিলেন। আর তিনি অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে স্বামী-স্ত্রী দু’জনই কাজে চলে যান। তার স্বামী ফিরোজের বিকেলে বাসায় ফেরার কথা ছিল। এর পর দুপুরে স্ত্রী শাহেদা বাসায় ফিরে রান্না করছিলেন। তখন এলাকার লোকজনের মাধ্যমে খবর পান, তার স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তারা বিভিন্ন হাসপাতাল ঘুরে রাতে ঢাকা মেডিকেলে এসে স্বামীর মরদেহ শনাক্ত করেন।

বিজ্ঞাপন

নিহত ফিরোজের বন্ধু আরেক রিকশাচালক শরিফুল ইসলাম জানান, তারা একই গ্যারেজের রিকশা চালায। সকালে গ্যারেজ থেকে ফিরোজ যখন রিকশা নিয়ে বের হন, তখন শরিফুলের সঙ্গে তার দেখা হয়েছিল। বেলা ৩টা থেকে ৪টার দিকে তিনি গ্যারেজে ফিরবেন বলে তখন জানিয়েছিলেন। এর পর তার সঙ্গে কারও যোগাযোগ হয়নি। খুবই অসহায় পরিবার ছিল ফিরোজের। প্রায় প্রতিদিনই ফিরোজ মিরপুর কলেজের পেছনের রাস্তায় বসে স্বেচ্ছাসেবীদের দেওয়া দুপুরের খাবার খেতেন। তার ধারণা, মঙ্গলবার দুপুরেও সেই খাবার খাওয়ার জন্য সেখানে গিয়েছিলেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এনআইডি, ছবি ও স্ত্রীর ভাষ্য শুনে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ হস্তান্তরের পরবর্তী কার্যক্রম চলছে।

উল্লেখ্য, এ ঘটনায় মা ছেলেসহ তিনজন আহত হয়ে ঢাকা মেডিকেলে আসে। আহতরা হলেন- মনোয়ারা খাতুন (৩৮), ছেলে মোশারফ হোসেন (২০) ও রাজিয়া বেগম(৪৫)। এদের মধ্যে মনোয়ারা বেগমের ডান হাত ও পাজরের হাড় ভেঙে গেছে। তাকে ভর্তি দেওয়া হয়েছে। অন্যরা জরুরি বিভাগে চিকিৎসাধীন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর