ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ‘আশিক গ্রুপ’-এর চারজন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা এলাকায় ছিনতাই, মাদকব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের প্রত্যেকের নামে একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৬ জুলাই) রাতে পৃথক দু’টি অভিযানে তাদেরকে দেশীয় ধারালো অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী দুলালের নামে পল্লবী থানায় মাদকসহ আটটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত চারজন হলেন মো. দুলাল হোসেন (৩২), কামাল হোসেন রুবেল (৩০), মৃদুল সরকার (২০) ও শামীম হোসেন পলু (২৭)।
ডিসি মো. মোস্তাক সরকার বলেন, ‘গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযানে ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী শামীম হোসেন পলুকে মিরপুর ১২ নম্বরে একটি দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী শামীম হোসেন পলুর নামে পল্লবী থানায় মাদকসহ ছয়টি মামলা রয়েছে।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।