সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে একটি ট্রাক থেকে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে জেলা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ জেলা পুলিশের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু।
তিনি বলেন, ‘রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী ঢাকা মেট্রো-২৪-০৩৫৭ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। ট্রাকটির কেবিনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪২টি অ্যাম্পল ও আটটি ইনজেকশন জব্দ করা হয়েছে। অভিযানে ট্রাকটিও জব্দ করা হয়।’
আটককৃত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) এবং রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।
পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকপাচারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন ঢাকায় নেওয়ার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশের উত্তরাঞ্চল থেকে রাজধানীমুখী মাদক পরিবহণ ঠেকাতে যমুনা সেতু পশ্চিম এলাকায় নিয়মিত চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক দু’জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
সংবাদ সম্মেলনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।