মানিকগঞ্জ: জেলার সাটুরিয়ায় ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
রোববার (২৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।
এর আগে, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাটুরিয়া থানার দড়গ্রাম (কোদালিয়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হলেন— মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকার আ. বাছেদের ছেলে মো. সোহাগ মিয়া (৩০) এবং একই উপজেলার সাফুল্লী এলাকার নিতাই শীলের ছেলে সঞ্জিত (২৬)।
ডিবি পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাটুরিয়া থানার দড়গ্রাম (কোদালিয়া) এলাকায় মানু মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশের রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় সোহাগ মিয়ার কাছ থেকে ১২ গ্রাম এবং সঞ্জিতের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে উদ্ধার করা মাদক জব্দ করা হয়।
পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, গ্রেফতার দুইজনই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এর মধ্যে সোহাগ মিয়ার নামে আটটি এবং সঞ্জিতের নামে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।