অস্ট্রেলিয়া সফরের শেষটা হতাশার হলেও টেস্ট র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ম্যাকাই টেস্টে দুই দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হারলেও আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।
বর্তমান র্যাঙ্কিংয়ে ২৪ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১ হাজার ৮৭৮, রেটিং পয়েন্ট ৭৮। এর আগে টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে সিরিজ হারানোর পর প্রথমবারের মতো সাতে উঠেছিল বাংলাদেশ।
এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল তারা। বাংলাদেশের উত্থানে র্যাঙ্কিংয়ে পিছিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কা নেমে গেছে সপ্তম, পাকিস্তান অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অবশ্য অস্ট্রেলিয়ার দখলেই রয়েছে। তাদের রেটিং ১২৬। ১১৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড রয়েছে।
অস্ট্রেলিয়াকে ডারউইন টেস্টে হারিয়েই টেস্ট র্যাংকিংয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে অজিদের ৯ উইকেটে হারিয়েছিল নাজমুল হোসেন শান্তরা। পয়েন্ট টেবিলের শীর্ষ দলের বিপদ্ধে ওই বড় জয় বেশি পয়েন্ট এনে দিয়েছে বাংলাদেশকে।
দ্বিতীয় টেস্টে অবশ্য সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। ম্যাকাইয়ে মাত্র দুই দিনের মধ্যে ইনিংস ও ৫১ রানে হেরে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬৪ এবং দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে গুটিয়ে গিয়ে ব্যাটিংয়ে চরম ব্যর্থতার পরিচয় দেয় সফরকারীরা। ফলে সিরিজ ১-১ সমতায় শেষ করে অস্ট্রেলিয়া।