ঢাকা: সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে।
সোমবার (২৪ আগস্ট) সকালে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে। বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে সংক্রমণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, পরিস্কার দেশ, নগরী গড়তে হলে আগে পরিস্কার পরিবার গড়তে হবে। হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনায় শুধু সরকারি নয় বেসরকারি হাসপাতালগুলোকেও এর আওতায় নিয়ে আসতে হবে।
এই সেমিনার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। এবং সিঙ্গাপুরের চিকিৎসকরা।