ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদনের পর এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এ সময় তার সঙ্গে প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণ-অভ্যুত্থানসংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত ১৭ আগস্ট তিন সাংবাদিকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। একই সঙ্গে তদন্ত শেষ করতে দুই মাস সময়ও চান তিনি।
আবেদন শুনানি শেষে ট্রাইব্যুনাল তিন সাংবাদিককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৫ অক্টোবর তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের সময় কিছু বক্তব্য দেন, যা রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী উসকানিমূলক ছিল। অভিযোগে বলা হয়েছে, ওই ঘটনার ধারাবাহিকতায় পরবর্তী সময়ে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, ১৪ জুলাইয়ের ওই ঘটনার ভূমিকা ও সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।