সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় পাথরবোঝাই ১২ চাকার একটি ট্রাকের চাপায় মোশারফ হোসেন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন উপজেলার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে লাহিড়ী মোহনপুরের দিকে যাচ্ছিলেন মোশারফ হোসেন। এ সময় একই দিক থেকে একটি পাথরবোঝাই ১২ চাকার ট্রাকও যাচ্ছিল। ট্রাকটি অতিক্রম করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজি চলে আসে। মুখোমুখি সংঘর্ষ এড়াতে মোশারফ হোসেন মোটরসাইকেল আকস্মিকভাবে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যে পেছন থেকে আসা পাথরবোঝাই ট্রাকটি তাকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সড়কে কিছুসময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করে। এরপর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।’
স্থানীয়রা জানান, আঞ্চলিক সড়কটিতে ভারী যানবাহনের চলাচল এবং দ্রুতগতির কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। একজন শিক্ষকের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।