পিরোজপুর: জেলার নেছারাবাদে এক প্রবাসীর বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে নাঈম (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় তাকে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন তিনজন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাঈমকে থানায় নিয়ে যায়।
আটক নাঈম ওই এলাকার মো. রফিক মিয়ার ছেলে। স্থানীয়দের দাবি, তিনি নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবাসী ইলিয়াস হোসেনের বাড়িতে প্রবেশের জন্য নাঈম পাশের একটি সুপারি গাছ বেয়ে ঘরে ওঠেন। বিষয়টি ঘরে থাকা ইলিয়াসের স্ত্রী নাজমা আক্তারের নজরে পড়লে তিনি মোবাইল ফোনে বিষয়টি জানানোর চেষ্টা করেন। এ সময় নাঈম তাকে বাধা দেন এবং একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করেন। নাজমার চিৎকার শুনে তার মেয়ে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের ছেলে নুহিন মিয়া তাদের সহায়তায় এগিয়ে এলে তাকেও ছুরি দিয়ে আঘাত করা হয়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নাঈমকে আটক করেন।
আহত নাজমা আক্তার জানান, ঘরের কাজ করার সময় তিনি নাঈমকে সুপারি গাছ বেয়ে ঘরে ঢুকতে দেখেন। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে নাঈম বাধা দেন। পরে চিৎকার করলে তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে ও তার মেয়েকে উদ্ধারে এগিয়ে আসা প্রতিবেশী নুহিনও আহত হন।
ইলিয়াস হোসেনের বড় ভাই মো. মিরাজ মিয়া জানান, তার ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে নাঈম চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিলেন বলে তারা জানতে পেরেছেন।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় নাঈম ও তার বাবা রফিককে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’