ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে এবং দেশের বাইরে উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের তিন বিভাগের ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান পরিস্থিতি ও নদ-নদীর পানি বাড়ার চিত্র তুলে ধরে এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী দু’দিন এসব নদীর পানি বাড়তে পারে এবং তৃতীয় দিন তা স্থিতিশীল থাকতে পারে।
সংস্থাটি আরও জানায়, এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থেকে তৃতীয় দিনে পানি হ্রাস পেতে পারে। সংস্থাটি জানায়, এর ফলে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে নীলফামারীর তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বুধবার (৫ আগস্ট) সকালে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুলাই নদীর পানি স্থিতিশীল থাকলেও আগামী একদিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া কংস নদীর পানিও আগামী দুইদিন বৃদ্ধি পেয়ে তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় এসব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
সংস্থাটি আরও জানায়, দেশের প্রধান নদী ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মার পানি বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে। এর পাশাপাশি পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি আগামী তিনদিন বাড়তে পারে।