রংপুর: রংপুর নগরীর নর্থ ভিউ হোটেল ভবন থেকে পড়ে নুজসাত (২২) নামে এক অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটিকে ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে দেখছে। ঘটনার কারণ অনুসন্ধানে পিবিআই ও সিআইডি তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের একটি বেসরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুজসাত সোমবার বিকেলে নর্থ ভিউ হোটেল ভবনে যান। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে তিনি ভবন থেকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করা হলেও প্রাণ রক্ষা করা যায়নি।
নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নুজসাতের বাসা নগরীর খলিফাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার নজরুল ইসলাম ও আফসানা পারভীনের মেয়ে।
পুলিশ জানিয়েছে, তিনি কেন হোটেলে গিয়েছিলেন এবং ঘটনার পেছনে কী কারণ ছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
এদিকে ঘটনার এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না-করার শর্তে বলেন, ‘ঘটনাস্থল থেকে মাত্র ১০০ গজ দূরে ছিলাম। হঠাৎ করে একটি জিনিস পড়ার শব্দ শুনতে পাই। প্রথমে বুঝতে পারছিলাম না যে এটি কোনো বস্তা নাকি মানুষ। পরে লোকজনকে চিৎকার করতে শুনে বুঝতে পারি যে ছাদ থেকে কেউ লাফ দিয়েছে।’
তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ এসে এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধারকাজ শুরু করে।
রংপুর নগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘এটি একটি অস্বাভাবিক মৃত্যু। আমরা ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে কিছু নমুনা ও তথ্য সংগ্রহ করেছি। পিবিআই ও সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তারা পৃথকভাবে তদন্ত শুরু করেছে। আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার রহস্য ভেদ করতে করতে সক্ষম হব।’
তিনি আরও জানান, হোটেলের সিসিটিভি ফুটেজ ও নিহতের মোবাইলফোনের ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও কাকতালীয় কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। হোটেলের সামনে উৎসুক জনতার ভিড় জমে। প্রশাসন জানিয়েছে, এ ধরনের ঘটনা প্রতিরোধে হোটেল ও উঁচু ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।