কুষ্টিয়া: ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সব কোম্পানি ও বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সীমান্ত সুরক্ষায় সহযোগিতার আহ্বান জানিয়ে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা বিওপিকে অবহিত করতেও বলা হচ্ছে।
বিজিবি আরও জানায়, বিশেষ করে রাতে সীমান্ত এলাকায় নিবিড় নজরদারি নিশ্চিত করতে হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলস-সহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের যেকোনো চেষ্টা প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।‘
তিনি আরও বলেন, ‘সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সব ধরনের অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’