Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১৮:১৮

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশ-ইনের চেষ্টা

পঞ্চগড়: জেলার বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে স্থানীয়দের সহায়তায় তাদের বাধা দিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে তাদের পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। শুক্রবার (৫ জুন) ভোরের দিকে স্থানীয়দের সহায়তায় তাদের বাধা দেয় বিজিবি।

এ ঘটনায় সীমান্তে বিএসএফ-বিজিবি মুখোমুখি অবস্থান করতে দেখা গেছে। সীমান্তের জিরো লাইনে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও আতঙ্ক দেখা গেছে স্থানীয়দের মাঝে।

বড়বাড়ি এলাকার আবু সাঈদ বলেন, ‘গতকাল রাতে বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএফ নারী-শিশুসহ ১০ জন ভারতীয় নাগরিককে সীমান্ত পার করে দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। বিজিবির টহল দল খবর পেয়ে তাদেরকে বাধা দেয়। এরপর থেকে বিজিবি এবং বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে। তারা পতাকা বৈঠক করছে। এ নিয়ে আমাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।‘

বিজ্ঞাপন

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সীমান্তে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমরা সজাগ রয়েছি। সদর উপজেলার বড়বাড়ি প্রধান পাড়া সীমান্ত দিয়ে বিএসএফ নারী-পুরুষসহ ১০ জনকে পুশ-ইন করার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের ঠেকানোর চেষ্টা করে। বর্তমানে ওই ১০ জন সীমান্তের জিরো লাইনে অবস্থান করছে এবং বিজিবি পতাকা বৈঠকের আহ্বান করেছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর