Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ০৮:৩৭ | আপডেট: ২ জুন ২০২৬ ১১:২৫

দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (২ জুন) ভোর পৌনে চারটার দিকে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৫০), মেয়ে আয়শা খাতুন (২৮) ও ছেলে মো. আরিফুল ইসলাম (২৫) এবং আরেক ছেলে রাকিবুল ইসলাম(১৯)। নিহত প্রাইভেট কারের চালক জাহিদ হোসেনের (৩২) বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামে। তিনি মো. ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

এ ঘটনায় দুর্ঘটনায় শহিদুল ইসলামের দুই নাতি গুরুতর আহত হয়েছে। আহত দুই শিশু আশরাফুল হোসেন (০৮) ও তাসফিয়া (০৩) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্বজনেরা জানান, দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন আরিফুল ইসলাম। সোমবার (১ মে) রাতে তিনি দেশে ফিরলে স্বজনরা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয় তাদেরকে বহনকারী প্রাইভেটকারটি।

ওসি মিজানুর রহমান জানান, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম নামক এলাকায় দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে প্রাইভেটকারের চালক এবং চারজন যাত্রী গুরুতর আহত হন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুই শিশুসহ আরও ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন এবং বাকি দুইজনকে হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর