Wednesday 27 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের পর কঠোর অ্যাকশন, নারী-শিশু নির্যাতনকারীরা সমাজের শত্রু: সমাজকল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ১৮:০৩

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

দিনাজপুর: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, মাদক, নারী ও শিশু নির্যাতনকারী এবং ইভটিজারদের বিরুদ্ধে ঈদের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোরভাবে মাঠে নামবে। এদের কোনো ছাড় দেওয়া হবে না।

বুধবার (২৭ মে) সকাল ১১টায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জিআর চাল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সবসময়ের জন্য দুস্থ ও অসহায় মানুষের পাশে রয়েছে। তবে সরকারি সহায়তার ক্ষেত্রে স্পষ্ট শর্ত হচ্ছে, কোনো অবস্থাতেই মাদক গ্রহণ বা মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। মাদক কারবারি, শিশু ও নারী নির্যাতনকারী এবং মেয়েদের উত্যক্তকারীরা সমাজের শত্রু। তাদের ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে এবং এই ধরনের অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আপনারা সৎভাবে ব্যবসা-বাণিজ্য করুন, প্রশাসন সবধরনের সুযোগ-সুবিধা দেবে। কিন্তু সাধারণ মানুষের ওপর নির্যাতন চালালে আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধী যে-ই হোক না কেন, তার পক্ষে কোনো এমপি বা মন্ত্রীও সুপারিশ করবেন না।’

সমাজ গঠনে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আপনারা আমাদের ভুল-ত্রুটি ও দোষ ১০০ বার তুলে ধরুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে সমালোচনার পাশাপাশি সমাজ গঠনে ইতিবাচক ভূমিকাও রাখতে হবে। অতীতের ভুলের যেন পুনরাবৃত্তি না হয় এবং সমাজ যাতে সঠিক পথে পরিচালিত হয়, মিডিয়ার মাধ্যমে সেই সচেতনতা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে।’

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর