Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাজকল্যাণমন্ত্রীকে নানাবাড়ির উন্নয়নের দিকে নজর দিতে বললেন স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৬:৫১

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদে বাজেট আলোচনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের প্রতি বিশেষ নজর দিতে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের প্রতি অনুরোধ জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন চলাকালে গফরগাঁওয়ের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামানের বক্তব্যের জেরে স্পিকার এ কথা বলেন।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান তার নির্বাচনি এলাকাকে অবহেলিত উল্লেখ করে সেখানে উন্নয়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, সমাজকল্যাণমন্ত্রীর নানাবাড়ি গফরগাঁওয়ে হওয়ায় তিনি মন্ত্রীর বিশেষ সহযোগিতা প্রত্যাশা করছেন।

বিজ্ঞাপন

এ সময় স্পিকার সমাজকল্যাণমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সমাজকল্যাণ মন্ত্রী, নানাবাড়ির দিকে খেয়াল রাখবেন। একপর্যায়ে গফরগাঁওয়ের বিখ্যাত লাফা বেগুনের বর্তমান অবস্থা সম্পর্কেও জানতে চান স্পিকার। জবাবে মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, একসময়ের জনপ্রিয় সেই লাফা বেগুন এখন বিলুপ্ত হয়ে গেছে।

সংসদ সদস্য তার বক্তব্যে গফরগাঁওয়ের উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীরও আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৪৭ বছর পর এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন। তিনি বলেন, তার এলাকা থেকে জুলুমের শাসন দূর করে ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চান। একই সঙ্গে তিনি ময়মনসিংহ বিভাগকে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিশেষ বরাদ্দের আওতায় আনার দাবি জানান।

বাজেট আলোচনায় জুলাইয়ের চেতনা নিয়ে কথা বলেন মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি বলেন, যারা জুলাইয়ের চেতনা বিক্রি করেন তাদের জীবনযাত্রার পরিবর্তন জনগণের সামনে তুলে ধরা জরুরি। তিনি অভিযোগ করেন, অনেকেই আগে রিকশায় চড়তেন কিন্তু এখন প্রাডো গাড়িতে চড়েন। তিনি আরও বলেন, নির্বাচনের সময় নিজের ব্যবহৃত গাড়ির অবস্থা খারাপ হয়ে গেলেও এখনো তিনি সেটিই ব্যবহার করছেন এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর