রংপুর: রংপুরের সমাজসেবা কার্যালয়ে গিয়ে চেয়ার-টেবিলে জমা ধুলো দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, নিয়মিত বসলে এত ময়লা জমার কথা না।
শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিদর্শনে যান সমাজকল্যাণমন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন কক্ষের অব্যবস্থাপনা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে চেয়ার-টেবিলে জমা ধুলোর আস্তরণ তাকে বিস্মিত করে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘১৫ দিন ধরে এখানে কেউ বসেনি। বসলে এত ময়লা হতো না।’ তিনি কার্যালয়ের পরিচ্ছন্নতা ও নিয়মিত কার্যক্রমের ওপর গুরুত্ব দেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম খুব দ্রুত শুরু হচ্ছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুরসহ দেশের সর্বত্র এই কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই সরকারি সহায়তা পাবে।
এ সময় তিনি সমাজসেবা কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। সমাজকল্যাণমন্ত্রী বলেন, “সেবাগ্রহীতাদের হয়রানি বা কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স।”
জনপ্রতিনিধিদের আগে বরাদ্দ সম্পর্কে অবহিত না করার পুরোনো প্রথা ভেঙে এখন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা দেশের বোঝা নয়, বরং দক্ষ জনশক্তি। প্রতিটি জেলায় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে তাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ ছাড়াও শিক্ষা খাতে ২৫টি প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করা হয়েছে এবং প্রতিটি জেলা-উপজেলায় মানসম্মত বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।’
এর আগে মন্ত্রী রংপুরের সরকারি শিশু পরিবার ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।