Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবিতে রাকসুর নারী উদ্যোক্তা মেলা, অংশ নিয়েছেন ৪২ উদ্যোক্তা

রাবি করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৬:৪৫ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:৪০

নারী উদ্যোক্তা মেলার উদ্বোধনী মুহূর্ত।

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। মেলায় ৪২টি স্টলে অংশ নিয়েছেন ৪২ জন নারী উদ্যোক্তা, যেখানে তারা নিজেদের উদ্ভাবিত ও তৈরিকৃত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। নারী উদ্যোক্তাদের সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়াও, মেলার সঙ্গে সম্পর্কিত দর্শনার্থীদের তোলা ১০টি ছবি বাছাই করে পুরস্কৃত করা হবে।

রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘নারী শিক্ষার্থীদের নিয়ে আজকের এই নারী উদ্যোক্তা মেলা। চ্যালেঞ্জ গ্রহণ করে নারী উদ্যোক্তারা যে কাজগুলো করছে, তাতে আমরা তাদের অবশ্যই উৎসাহ দেব। রাকসুর মহিলা বিভাগের উদ্যোগে যে আয়োজন হয়েছে, তাতে তারা মোটিভেটেড হয়ে আরও কাজে উৎসাহিত হবে।’

বিজ্ঞাপন

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাঈয়িদা হাফসা বলেন, ‘রাকসু শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হিসেবে নারী শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ে আগে অনেক মেলা হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের নিয়ে এমন কোনো মেলা হয়নি।’

তিনি আরও বলেন, ‘যে সকল নারী শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে, তাদেরকে উৎসাহিত করার জন্যই আজকে আমাদের এ আয়োজন। এখানে আমাদের ৪২টা স্টলে ৪২ জন উদ্যোক্তা বসেছেন। দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত, বিশ্ববিদ্যালয়ের বাইরের লোকজনও এটি ভিজিট করতে পারবে।’

উদ্যোক্তা মেলার বৈরাজ্য স্টলের উদ্যোক্তা বলেন, ‘রাকসুর উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা মেলা ২০২৬-এ আমি আমার বৈরাজ্য স্টল প্রদর্শন করছি। এখানে বিভিন্ন ধরনের বই পাবেন।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. মাঈন উদ্দিন বলেন, ‘আজকের এই আয়োজনটি রাকসুর কার্যাবলীর মধ্যে একটি ব্যতিক্রমী আয়োজন। ক্যাম্পাসে এ ধরনের মেলা খুব বেশি দেখা যায়না।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের নিয়ে যে উদ্যোক্তা মেলার আয়োজন করা হলো, তা অবশ্যই শিক্ষার্থীদেরকে মোটিভেট করবে ভালো উদ্যোক্তা হতে। যারা এরইমধ্যে উদ্যোক্তা হয়েছে, তারা আরও বেশি ভালো করতে পারবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর