Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের ৮ উপজেলা ও ১ পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১৭:৩৮

এনসিপির মনোনয়ন পাওয়া প্রার্থীরা।

সিলেট: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিলেট বিভাগের আটটি উপজেলা ও একটি পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১১ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এর আগে, প্রথম ধাপে পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। এবার দেশব্যাপী ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হয়েছে।

দলটির নেতারা জানান, ঈদ-উল-আযহার আগে আগামী ২০ মে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম বলেন, ‘প্রথম ধাপে ১৩টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটির প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীও ঘোষণা করা হবে। বর্তমানে দেশে ৫০০ উপজেলা ও ৩৩০ পৌরসভাসহ মোট ৮৩০টি ইউনিট রয়েছে। প্রথম ধাপে প্রার্থী হতে ১ হাজারের বেশি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এনসিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা ছাড়াও অন্য রাজনৈতিক দল থেকে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরাও এনসিপির মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ততা বা ফৌজদারি অপরাধে জড়িতদের সুযোগ দেওয়া হবে না।’

উল্লেখ্য, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় উবায়েদ আহমদ, কানাইঘাট উপজেলায় বোরহান উদ্দিন ইউসুফ, ওসমানীনগর উপজেলায় হাজি মোহাম্মদ মোশাহিদ আলী, জৈন্তাপুর উপজেলায় মো. জাকারিয়া লাদেন এবং গোয়াইনঘাট উপজেলায় মনসুরুল হাসান নগরীকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মো. খালেদ হাসান এবং কুলাউড়া উপজেলায় আবু রুকিয়ানকে চেয়ারম্যান প্রার্থী করেছে দলটি।

এ ছাড়া, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কামাল আহমেদকে চেয়ারম্যান প্রার্থী এবং হবিগঞ্জ সদর পৌরসভায় মাহবুল বারী চৌধুরী মুহিবকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারের কাছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবিও জানান এনসিপির নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর