ঢাকা: প্রতিকূল আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ভোর থেকে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন দেখা দেয়। এমনকি, ঢাকায় অবতরণ করতে না পেরে অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ও কলকাতায় অবতরণ করেছে। ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
রোববার (১২ জুলাই) বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ সম্ভব না হওয়ায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। এছাড়া আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলার জেদ্দা ও চট্টগ্রামগামী ফ্লাইট এবং কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটসহ অর্ধশতাধিক উড়োজাহাজ আকাশে দীর্ঘসময় চক্কর দিয়ে পরে অবতরণ করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ঢাকার প্রতিকূল আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট (বিএস-৩৪২) ১৪৮ জন যাত্রী নিয়ে বিকল্প হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ঢাকার আবহাওয়া অনুকূলে এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রীদের সাময়িকভাবে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে।