কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ডাম্পার ট্রাকের (পিকআপ) ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামে মোটরসাইকেল আরোহী এক পর্যটক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম ঢাকার বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে টেকনাফ ভ্রমণে গিয়েছিলেন পর্যটক আশরাফুল ইসলাম। ফেরার পথে দ্রুতগতির একটি ডাম্পার ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আশরাফুল গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন এবং ডাম্পারের চাকার নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) দুর্জয় বিশ্বাস বলেন, ‘পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধারে সহায়তা করে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে গেছেন।’
দুর্জয় বিশ্বাস আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’