Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবেশীর বাড়িতে লাগা আগুন দেখতে গিয়ে শিশু রাইয়ান নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৯:৪৮

নিহত শিশু রাইয়ান।

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রতিবেশীর বাড়িতে আগুন লাগার খবর শুনে তা দেখতে ছুটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. রাইয়ান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে সাইরার ডেইল এলাকায় একটি বাড়িতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ছুটে চলা অন্যদের সঙ্গে ছোট্ট রাইয়ানও দৌঁড়ে বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়ির সামনে সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির একটি টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত রাইয়ান ওই এলাকার বাসিন্দা রেদোয়ানের ছেলে। তার মায়ের নাম সানজিদা বেগম। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ায় তাকে আর হাসপাতালে নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মহেশখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ঘটনার পর ঘাতক টমটমটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর