বাগেরহাট: মোংলায় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইজিবাইকের চাপায় নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একই স্থানে বারবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সহপাঠী ও শিক্ষকরা মানববন্ধন করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাগেরহাটের মোংলার সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজের সামনের সড়কে শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তালুকদার মোঃ জিয়াদ হোসাইন বলেন, বেপরোয়া গাড়ি চালানোর জন্য সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী সানজিদা আক্তার শিমু (১১) সোমবার(২০ এপ্রিল) ইজিবাইকের চাপায় মারা যায়।

তিনি আরও বলেন, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদসহ নিরাপদ সড়ক ও সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন করছি।
অন্যান্য শিক্ষকরা জানান, এর আগেও বেপরোয়া গাড়ি চালানোর কারণে একই সড়কে আরও অন্তত ৩ থেকে ৪ জন শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তাই নিয়ন্ত্রণ বজায় রেখে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়। একইসঙ্গে ছাত্রীদের সাবধানে রাস্তায় চলাচল করার জন্যও আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,প্রভাষক সাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক অপরুপ হালদার, রেবতী হালদার, ফজিলাতুন্নেছা বকুল, সরদার মেহফুজ আজিজ টুলু, বিলতা হালদার।