Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামুতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৫:৪১

ইসমত হোসাইন তাকিব (২৯), যার মরদেহ উদ্ধার হয়েছে।

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলা এলাকায় ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র দাবি করছে, বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যে কোনো সময় তিনি ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

বিজ্ঞাপন

নিহত তাকিব চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের বাসিন্দা এবং মৃত মো. মহসিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রামুর রাজারকুল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রী রুবায়েত শারমিন মনির সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে তাকিব স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, তাকিব কিছুদিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও অশান্তি চলছিল। ঋণের চাপ এবং পারিবারিক কলহের কারণেই তিনি এই পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর