কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ সূত্র জানায়, পহেলা বৈশাখ পরবর্তী সময়ে ছুটি শেষে মাদক পাচারকারীরা বড় একটি চালান চট্টগ্রাম থেকে কক্সবাজারে আনছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেন। এ সময় ‘এসআই এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে থাকা দুজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইটহাউস এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন (৫০) ও তাঁর স্ত্রী নূর নাহার (৪৩)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে স্বামী-স্ত্রী পরিচয় ব্যবহার করে পর্যটকের বেশে তারা মাদক পরিবহন করতেন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মাদক পাচারের রুট বন্ধ করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান চালাচ্ছে। বিশেষ করে উৎসব বা ছুটির সময় এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হয়।
তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দ করা গাঁজাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।