কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে চাপা পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর আনুমানিক ৪ টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষু (৩৫) এবং বিরামপুর থানার ভাইঘর গ্রামের মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) ও রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে। এতে ট্রাকের ওপর থাকা অন্তত ১৩ জন যাত্রী চাপা পড়েন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার জানান, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।