Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্কুলের টিফিন কিংবা অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু বিফ নুডলস

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৭:৩২

ঝটপট আর সুস্বাদু নাশতা হিসেবে নুডলসের নাম আসে সবার আগে। ডিম বা সাধারণ সবজি নুডলস তো প্রায়ই খাওয়া হয়, তবে স্বাদে কিছুটা আভিজাত্য ও ভিন্নতা আনতে রান্নায় যোগ করতে পারেন গরুর মাংস। সামান্য কিছু উপকরণে খুব দ্রুত তৈরি করা যায় বলে মেহমানদারি কিংবা সন্তানের স্কুলের টিফিনে এই পদটি পরিবেশন করা যায় অনায়াসে।

আসুন জেনে নেই, স্বাদের বিফ নুডলস তৈরির সহজ প্রণালি…

প্রয়োজনীয় উপকরণ

যেকোনো ব্র্যান্ডের স্টিক নুডলস ২৫০ গ্রাম, আগের রান্না করা বা সেদ্ধ গরুর মাংস ২০০ গ্রাম, সয়া সস ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ১ চা চামচ, গাজর কুচি আধা কাপ, ক্যাপসিকাম কুচি আধা কাপ, সয়াবিন তেল ও লবণ পরিমাণমতো।

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিন। পানির বুদ্বুদ উঠলে সামান্য তেল ছড়িয়ে নুডলস সেদ্ধ করতে দিন। সেদ্ধ হয়ে এলে দ্রুত চালুনিতে ছেঁকে ঠান্ডা পানির নিচে ধুয়ে একপাশে রাখুন; এতে নুডলস একটির গায়ে অন্যটি লেগে যাবে না।

এবার অন্য একটি কড়াইয়ে তেল গরম করে রসুন কুচি ও পেঁয়াজ কুচি হালকা সোনালি করে ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে আগে থেকে রেঁধে রাখা গরুর মাংসের টুকরোগুলো ঢেলে দিন। এরপর সয়া সস ও টমেটো সস দিয়ে মাংস কিছুক্ষণ কষিয়ে নিন। মাংস কষানো হলে তাতে গাজর ও ক্যাপসিকাম কুচি দিয়ে অল্প আঁচে ভাজতে থাকুন, যেন সবজি কিছুটা নরম হলেও এর সতেজতা বজায় থাকে।

সবশেষে স্বাদমতো লবণ ছিটিয়ে আগে থেকে জল ঝরিয়ে রাখা নুডলস কড়াইয়ে দিয়ে দিন। সবজি ও মাংসের মিশ্রণের সঙ্গে নুডলস ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের বিফ নুডলস। একটি সুন্দর ডিশে ঢেলে গরম-গরম পরিবেশন করুন।

সারাবাংলা/এনএল/এএসজি