Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এক ক্লিকেই ফোনের স্টোরেজ খালি করবে হোয়াটসঅ্যাপ

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৭:১১

স্মার্টফোনে ঘনঘন ‘স্টোরেজ ফুল’ নোটিফিকেশনের কারণে ঝামেলায় পড়েন না, এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কঠিন। বিশেষ করে হোয়াটসঅ্যাপ চ্যানেল ও গ্রুপগুলোতে প্রতিনিয়ত জমা হতে থাকা অসংখ্য ছবি, ভিডিও, ভয়েস নোট আর স্টিকারে ফোনের মেমোরি অজান্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই নিত্যদিনের সমস্যা থেকে স্বস্তি দিতে দুর্দান্ত সমাধান আনছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অ্যাপটিতে যুক্ত হচ্ছে নতুন ‘স্টোরেজ ক্লিনআপ’ টুল, যার সাহায্যে মাত্র এক ক্লিকেই অদরকারি মিডিয়া ফাইল ডিলিট করে ফোনের মেমোরি খালি করা সম্ভব হবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘ডিজিটাল ট্রেন্ডস’ থেকে জানা গেছে, দীর্ঘদিন পরীক্ষার পর সম্প্রতি অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা সংস্করণে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বিটা ব্যবহারকারীদের কাছেও সুবিধাটি পৌঁছে দেয়া হবে।

বিজ্ঞাপন

কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?

বর্তমানে হোয়াটসঅ্যাপে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল মুছতে হলে স্টোরেজ সেটিংসে গিয়ে প্রতিটি ফাইল আলাদাভাবে নির্বাচন করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ। তবে নতুন ‘স্টোরেজ ক্লিনআপ’ টুল সেই ঝক্কি অনেকটাই কমিয়ে দেবে।

নতুন নিয়মে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো চ্যানেলের ‘ইনফরমেশন’ পেজে গিয়েই এক নজরে দেখে নিতে পারবেন চ্যাটটি ঠিক কতটুকু জায়গা দখল করে আছে। শুধু তা-ই নয়; ছবি, ভিডিও, ভয়েস মেসেজ কিংবা স্টিকারগুলো পৃথক ক্যাটাগরিতে দেখা যাবে এবং প্রয়োজন অনুযায়ী এক ক্লিকেই নির্দিষ্ট ধরণের ফাইল মুছে ফেলা যাবে।

এই টুলের বড় একটি বিশেষত্ব হলো, জরুরি বার্তা বা ফাইল সুরক্ষিত থাকা। ক্লিনআপ করার সময় স্টার (Starred) করে রাখা প্রয়োজনীয় ফাইল বা তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না, সেগুলো আগের মতোই নিরাপদ থাকবে।

একসঙ্গে একাধিক চ্যানেলের মিডিয়া মোছার সুযোগ

এ ছাড়া হোয়াটসঅ্যাপের ‘আপডেটস’ (Updates) ট্যাবে যুক্ত হচ্ছে ‘ক্লিয়ার মিডিয়া ফাইলস’ নামের নতুন একটি অপশন। এর মাধ্যমে ব্যবহারকারী চাইলে এক বা একাধিক চ্যানেল একসাথে সিলেক্ট করে এক ক্লিকেই জমে থাকা মিডিয়া ফাইল মুছে ফেলতে পারবেন। ফলে প্রতিটি চ্যানেলে আলাদা করে ঢোকার প্রয়োজন হবে না এবং খুব দ্রুত ফোনের মেমোরি খালি করা যাবে।

কবে নাগাদ মিলবে এই সুবিধা?

বর্তমানে ফিচারটি কেবল অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহে এটি আরও বেশি বিটা ব্যবহারকারীর কাছে পৌঁছাবে। তবে বিশ্বজুড়ে মূল হোয়াটসঅ্যাপ অ্যাপে সকল সাধারণ গ্রাহকের জন্য এটি ঠিক কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর