সিলেটের ফেঞ্চুগঞ্জের এক বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি রানী পালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত বিতর্কের মুখে তার সাহসিকতা ও কাজের প্রশংসা করে পাশে দাঁড়িয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে শৈশবের স্মৃতিচারণের পাশাপাশি বর্তমান সাংস্কৃতিক শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন এই তারকা।
স্ট্যাটাসে আসিফ আকবর স্মরণ করেছেন তার কুমিল্লা গুলবাগিচা স্কুলের প্রয়াত সাংস্কৃতিক শিক্ষিকা শ্রীমতি কল্যাণী সেন গুপ্তাকে, যিনি তার দুরন্তপনা রোধ করতে আবৃত্তি, নাটিকা ও সঙ্গীতের পাশাপাশি মিলাদ পড়ানোতেও অভ্যস্ত করে তুলেছিলেন। শিক্ষকদের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা এবং স্বদেশী সংস্কৃতি কখনো উগ্রতা শেখায় না বরং মননশীলতা তৈরি করে বলে তিনি মত প্রকাশ করেন।
নব্বই দশকের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’র সঙ্গে শিক্ষিকা বিউটি রানী পালের অনুভূতি প্রকাশের স্বাধীনকে তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং এটিকে তার একান্ত অধিকার বলে অভিহিত করেছেন। বর্তমান সমাজের বিভিন্ন পেরেশানি ও গুজবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি উল্লেখ করেছেন যে, এই সুযোগে কাউকে কোনো ধরনের অনৈতিক বা অন্ধ খেলা খেলার সুযোগ দেওয়া হবে না।
বিদ্যালয়ে সাংস্কৃতিক শিক্ষক নিয়োগ বা চর্চার ওপর নানা মহলের বাধা বা ভেটো দেওয়ার প্রসঙ্গ টেনে আসিফ আকবর বলেন যে, প্রজন্মের সুস্থ বিকাশ এবং আনন্দময় কোলাহলপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য শিল্প-সংস্কৃতির বিকল্প নেই। ঐতিহাসিকভাবে শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই দেশকে কোনোভাবেই দমবন্ধ করা কোনো পরিবেশের সঙ্গে তুলনা করা চলে না বলে মন্তব্য করেন তিনি। পরিশেষে, শিক্ষিকা বিউটি রানী পালের এই সাহসিকতা ও সাংস্কৃতিক চর্চাকে সাধুবাদ জানিয়ে তাকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।