Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেক্ষাগৃহে দাপটের পর ওটিটিতেও দর্শকপ্রিয় ‘বনলতা এক্সপ্রেস’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩১ মে ২০২৬ ১৮:০২

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ও তানিম নূর পরিচালিত আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে সিনেমাটি বক্স অফিসে রেকর্ড গড়া সাফল্য পেয়েছে। দেশ ও দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও সিনেমাটি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনের মতো একঝাঁক তারকার অনবদ্য অভিনয়ে এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

প্রেক্ষাগৃহের এই সাফল্যকে সঙ্গী করে গত ২৪ মে থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর থেকেই ওটিটিতেও ‘বনলতা এক্সপ্রেস’ দেখার হিড়িক পড়েছে। হইচই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির পর থেকেই সিনেমাটির সাবস্ক্রিপশন এবং ওয়াচ টাইম অত্যন্ত সন্তোষজনক। ঈদের পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্মে দর্শক সাধারণত বাড়তে থাকে এবং এবারও সেই ধারা বজায় রয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে ছবিটির ভিউ এবং ওয়াচ টাইম আগের চেয়ে আরও বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটির একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। তবে স্থানীয় কওমি শিক্ষার্থীদের একটি অংশের আপত্তির মুখে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শেষ পর্যন্ত আয়োজক ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি প্রদর্শনটি স্থগিত করতে বাধ্য হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। নির্মাতা তানিম নূর এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। আইন অনুযায়ী সেন্সর সনদপ্রাপ্ত সিনেমা প্রদর্শনে বাধার বিষয়টিকে তিনি দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শনী স্থগিতের এই ঘটনাটি সিনেমাটির আলোচনায় বাড়তি মাত্রা যোগ করেছে। অনেক দর্শক এখন নতুন করে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি দেখতে আগ্রহী হয়ে উঠেছেন। যদিও ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শনী স্থগিত হওয়ার কারণেই ওটিটিতে দর্শক বেড়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে সব মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এই মুহূর্তে অনলাইন এবং অফলাইন উভয় জগতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চলচ্চিত্রপ্রেমীরা এখন ঘরে বসেই স্মার্টফোনের পর্দায় এই ব্লকবাস্টার সিনেমাটি উপভোগ করছেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর