ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর নির্ধারিত প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে জেলার ১০টি সাংস্কৃতিক সংগঠন।
সোমবার (১ জুন) এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে গত ৩০ মে (শনিবার) অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্মাতা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হলেও একটি মহল ধর্মীয় আবেগের ভুল ব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির বিরুদ্ধে প্রচারণা চালায়। এর পরিপ্রেক্ষিতে ভেন্যু কর্তৃপক্ষ পূর্বের অনুমতি প্রত্যাহার করলে প্রদর্শনী স্থগিত হয়ে যায়।
সংগঠনগুলোর নেতারা আরও জানান, একই দিনে কসবা উপজেলার তালতলা গ্রামে স্থানীয় তরুণদের উদ্যোগে চলচ্চিত্রটি প্রদর্শনের আরেকটি আয়োজন করা হয়েছিল। তবে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সেই প্রদর্শনীও বন্ধ হয়ে যায়। তাদের মতে, দুটি ঘটনাই জেলার সাংস্কৃতিক চর্চার জন্য উদ্বেগজনক।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ওস্তাদ আলাউদ্দীন খাঁ, কবি আল মাহমুদসহ অসংখ্য গুণীজনের স্মৃতিবিজড়িত ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পরিচিত। এমন একটি জেলায় সরকার অনুমোদিত একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক।
নেতারা বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন আইন, ২০২৩ অনুযায়ী প্রদর্শনের অনুমতি পেয়েছে এবং ইতোমধ্যে দেশ-বিদেশে বিভিন্ন স্থানে প্রশংসিত হয়েছে। এছাড়া চলচ্চিত্রটির নির্মাতা তানিম নূর ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হওয়ায় নিজ জেলায় তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ না পাওয়া হতাশাজনক।
বিবৃতিতে আরও বলা হয়, চলচ্চিত্র একটি পূর্ণাঙ্গ শিল্পমাধ্যম, যা সমাজ, রাষ্ট্র, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সমসাময়িক বাস্তবতাকে মানুষের সামনে তুলে ধরে। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত একটি চলচ্চিত্রের প্রদর্শনীতে বাধা সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক চর্চার পরিপন্থি।
সংগঠনগুলোর নেতারা গণতান্ত্রিক সমাজে মতপ্রকাশের স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি সহনশীলতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো গোষ্ঠীর অগণতান্ত্রিক আচরণ, অসহনশীলতা ও উগ্রতার মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা গ্রহণযোগ্য নয়।