ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর নির্ধারিত প্রদর্শনী স্থগিত করা হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বিরোধিতা, ভেন্যু ব্যবহারের অনুমতি প্রত্যাহার এবং প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি।
শুক্রবার (২৯ মে) রাতে সংগঠনটির ফেসবুক পেজে এক ঘোষণায় প্রদর্শনী স্থগিতের বিষয়টি জানানো হয়।
ঘোষণায় বলা হয়, জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শনিবার (৩০ মে) বিকেল ৩টায় চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে কক্ষ ব্যবহারের অনুমতি প্রত্যাহার করে। পাশাপাশি প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়নি। তবে নতুন ভেন্যু নির্ধারণ করে ভবিষ্যতে প্রদর্শনীর তারিখ ঘোষণা করা হবে।
আয়োজকদের দাবি, পরিচালক তানিম নূরের কাছ থেকে প্রদর্শনীর অনুমতি নেওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিকভাবে ইতিবাচক আলোচনা হয়েছিল। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্যদের বিরোধিতার পর পরিস্থিতি পরিবর্তিত হয়।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতারা চলচ্চিত্রটির বিরুদ্ধে আপত্তি জানিয়ে এর প্রদর্শনী বন্ধের দাবি তোলেন। তাদের অভিযোগ, চলচ্চিত্রটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং স্থানীয় আলেমদের নিয়ে আপত্তিকর উপস্থাপন রয়েছে। এ নিয়ে শুক্রবার জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এক জরুরি সভা থেকে প্রদর্শনী প্রতিহত এবং সতর্কতামূলক অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
তবে পরে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম জানান, জেলা প্রশাসন প্রদর্শনী বন্ধ করায় তাদের ঘোষিত অবস্থান কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
এদিকে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন দাবি করেন, বিদ্যালয়ে সিনেমা প্রদর্শনের কোনো অনুমতি তিনি দেননি। তার ভাষায়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমা প্রদর্শনের প্রশ্নই ওঠে না।’
উল্লেখ্য, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয় এবং বিষয়টি নিয়ে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।