Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, মলিনা ৭ ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ২২:৩০ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ ০০:৩৪

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়াঙ্ক্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে তাকে ৯০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পারেদেসের পাশাপাশি আর্জেন্টিনার আরও কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় স্পেনের গাভিকে মাটিতে ফেলে দেওয়ার পাশাপাশি এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেস। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়।

বিজ্ঞাপন

এই ঘটনায় আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকেও সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। তার জরিমানাও ৯০ হাজার ডলার।

অন্যদিকে আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভিকে এক ম্যাচ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুজনকেই ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাও শাস্তির আওতায় পড়েছেন। তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

শুধু খেলোয়াড় ও কোচিং স্টাফ নয়, শাস্তি পেয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ)। ফিফার শৃঙ্খলাভঙ্গের দায়ে সংস্থাটিকে মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি নিজেদের মাঠে পরবর্তী দুটি আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে একটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত রাখা হয়েছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর